
কালাইয়ে পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোছা. খালেদা (৩৫) এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫) এর দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বাকী ওরফে সাইদুরের সঙ্গে খালেদার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে পরকীয়ার সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় স্বামী খালেদাকে মারধর করে তার সোনার গয়না নিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। পরে সন্ধ্যায় স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
তবে গভীর রাতে আনুমানিক তিনটার দিকে স্বামী গলায় ওড়না ও তার পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© All rights reserved © 2025
Leave a Reply