
গাইবান্ধা জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় স্থানীয় শিল্পের প্রসার, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিক গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি মাহবুবা সুলতানা, হাফিজুর রহমানসহ বিভিন্ন ব্যাংক ও উদ্যোক্তা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় জেলার ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল জেলার সম্ভাবনাময় খাতগুলোতে মানসম্মত উদ্যোক্তাদের বিনিয়োগ আকর্ষণ, উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বিজনেস প্রোফাইল তৈরি এবং পণ্য বাজারজাতকরণের জন্য একটি সমন্বিত উদ্যোক্তা প্ল্যাটফর্ম ও মার্কেট তৈরি।
এছাড়া গাইবান্ধায় পর্যটন শিল্পের বিকাশ, কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার নির্মাণ, খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ প্রজেক্টের আওতায় সহজ শর্তে লোন ও অনুদান প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান উদ্যোক্তাদের এসব প্রস্তাবনা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং জেলার অর্থনৈতিক অগ্রগতিতে প্রশাসন, ব্যাংক ও উদ্যোক্তা সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply