
বাগেরহাটে ৪ ইজিবাইক চোর আটক,
উদ্ধার ৯ ইজিবাইক ও ১২ শ্যালোমেশিন
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাটে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। এ সময় চোরাইকৃত ৯টি ইজিবাইক এবং নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপর আরও জানায়, বাগেরহাট জেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানা তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে গত ২ আগস্ট মামলার অন্যতম আসামি মো. ফারুক হাওলাদার (২৮)কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত করে সোমবার জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে শাহ আলম (২৯), আব্দুল্লাহ সরদার (২১) ও আব্দুল হালিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে চোরাইকৃত ৯টি ইজিবাইক এবং ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া শ্যালোমেশিনগুলো নছিমন ও ভটভটি তৈরিতে ব্যবহৃত হয়। গ্রেপ্তার হওয়া ফারুক হাওলাদারের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদকসহ পাঁচটি মামলা এবং শাহ আলমের বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে। অপর দুই আসামির বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার। ##
© All rights reserved © 2025
Leave a Reply