
দশমিনায় খাসজমি বন্দোবস্তের দাবি ও ভুয়া বন্দোবস্ত’ বাতিলের দাবিতে মানববন্ধন,প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।
এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনায় দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীন কৃষকদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কথিত ‘ভুয়া বন্দোবস্ত’ বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে উপজেলার চরবোরহান ইউনিয়নের চর শাহজালাল এলাকার ভূমিহীন কৃষকেরা এসব কর্মসূচি পালন করেন।
দাবি আদায়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভূমিহীন নারী-পুরুষ উপজেলা সদরে জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা বারেক সরদার। এতে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, কৃষাণী সভার কেন্দ্রীয় সভানেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডা. শামসুন্নাহার খান ডলি, কৃষক নেতা আব্দুস সত্তার হাওলাদার, কায়েস মাহমুদ, নয়া মিয়া সিকদার, মাওলানা সহিদুল ইসলাম, ছোহরাব হোসেন, শহিদুল মেম্বার, রেজাউল করিম, জহিরুল খান ও কুলসুম বেগমসহ অনেকে।
বক্তারা বলেন, চর শাহজালালে বহু ভূমিহীন পরিবার দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাস ও কৃষিকাজ করে আসছে। অথচ দীর্ঘদিনেও তাদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়নি। প্রকৃত ভূমিহীনদের নামে খাসজমি বন্দোবস্ত দেওয়ার পাশাপাশি তারা যেসব বন্দোবস্তকে ‘ভুয়া’ বলে দাবি করছেন, সেগুলো তদন্ত করে বাতিলের দাবি জানান।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে চরে বসবাসকারী প্রকৃত ভূমিহীন কৃষকদের অধিকার নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সমাবেশ শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চর শাহজালালের প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত প্রদান এবং অভিযোগ ওঠা ভুয়া বন্দোবস্ত তদন্তপূর্বক বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
Leave a Reply