
*ভোলার দৌলতখানে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ ইলিশ শিকার ও বেচাকেনা*
আরিফ হোসেন
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী এসাক মোড় ভবানীপুর সংলগ্ন এলাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেদারসে চলছে ইলিশ মাছ ধরা ও কেনাবেচা। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র প্রশাসনের একটি অংশকে ম্যানেজ করে প্রকাশ্যে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বর্তমানে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার কর্তৃক মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও সৈয়দপুরের মেঘনা পাড়ে এর কোনো তোয়াক্কা করছে না জেলেরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছোট-বড় নৌকা নিয়ে মেঘনায় জাল ফেলছে তারা। আর নদীর পাড়েই ভবানীপুর ও এসাক মোড় এলাকায় বসছে ইলিশের খোলা হাট।
স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ইলিশ এই এলাকা থেকে হাতবদল হচ্ছে। এই চক্রের নেতৃত্বে রয়েছে কয়েকজন প্রভাবশালী মৎস্য আড়তদার। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে মাসোহারা দিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “প্রশাসন আসার খবর আগেই চলে যায়। লোক দেখানো দু-একটি অভিযান হলেও মূল হোতারা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে।”
এই অবৈধ ইলিশ শিকারের কারণে সরকারের ইলিশ রক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দেশের জাতীয় সম্পদ ইলিশ হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল ও সাধারণ জেলেরা।
Leave a Reply