
জমি-সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, গাইবান্ধা সদর থানায় জিডি
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক স্কুলশিক্ষক।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকালে মালিবাড়ী মৌজার বাসিন্দা মো. মোশারফ হোসেন (৫২) গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৩৭০ এবং জিডি ট্র্যাকিং নম্বর AVDC7Q।
জিডিতে উল্লেখ করা হয়, একই দিন সকাল আনুমানিক ১০টা ৫৩ মিনিটে নিজ বাড়িতে অবস্থানকালে একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. গাওছুল আলম (৪০), ওরফে রফিকুল ইসলাম, বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।
সর্বশেষ ০১৫৭৭-৫০৫৩৯৮ নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মোশারফ হোসেন।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাই করে হত্যার এবং পরবর্তীতে তার পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যৎ আইনি সুরক্ষার স্বার্থে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত গাওছুল আলমের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। অভিযোগে উল্লেখিত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
© All rights reserved © 2025
Leave a Reply