
পলাশবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা: গ্রে*ফ*তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ এলাকায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির তথ্য সংগ্রহকালে ৭১ টিভির প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পাপুল সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
১১ মে (সোমবার) তাকে পথরোধ করে পরিকল্পিতভাবে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় সাংবাদিক পাপুল সরকার বাদী হয়ে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার নিন্দা জানিয়ে জেলার ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2025
Leave a Reply