
মাগুরা শ্রীপুরে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক কৃষিতে বিপ্লব ঘটানোর লক্ষ্য
মোঃ শামীম শেখ, স্টাফ রিপোর্টার
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী ‘কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর-এর আয়োজনে এবং ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের অর্থায়নে এই কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হুমায়ন কবিরের সভাপতিত্বে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের পরিচালক কৃষিবিদ মো: আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: তাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক আজম উদ্দিন, প্রকাশ চন্দ্র সরকার, পার্টনার-এর সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, এবং উপজেলা সমবায় অফিসার শামিমা জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হুমায়ন কবির।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নাহিদ সুলতানা।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সহনশীলতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণের গুরুত্বের ওপর জোর দেন। “পার্টনার” প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের লাভবান করার এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য প্রকাশ করা হয়।
উপস্থিত কৃষক-কৃষাণীরা এই কংগ্রেসের মাধ্যমে আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে জেনেছেন এবং তাদের অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ পেয়েছেন। কংগ্রেস শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশংসাপত্র ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষি ক্ষেত্রে নতুন উদ্ভাবনগুলি তুলে ধরার এই উদ্যোগ স্থানীয় কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
© All rights reserved © 2025
Leave a Reply