
আদালতে মামলা চলমান, তবুও ঘর নির্মাণের অভিযোগ বিবাদীপক্ষের বিরুদ্ধে
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার উত্তর বানিয়ারজান (গাড়িয়ালপট্টি) এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিবাদীপক্ষের বিরুদ্ধে ওই জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মোঃ রায়হান ইসলাম চৌধুরী জানান, তার পৈত্রিক দাবি করা জমি নিয়ে একই এলাকার জহুরুল ইসলাম, উজ্জল মিয়া ও রেজাউল করিমসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে তার বড় ভাই আঃ রাজ্জাক চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ২৬ মার্চ দুপুরে বিবাদীপক্ষ দলবদ্ধ হয়ে উক্ত জমিতে প্রবেশ করে ইট, বালু ও সিমেন্ট দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানা যায়।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়দের মতে, অভিযোগ থাকা সত্ত্বেও বিবাদীপক্ষের নির্মাণ কার্যক্রম চালিয়ে যাওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু সমাধান এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
(বিষয়টি আদালতে বিচারাধীন; চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য বিবেচ্য)
© All rights reserved © 2025
Leave a Reply