
মাদকের অন্ধকারে নলডুবি বাজার: তরুণদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের নলডুবি বাজার এলাকায় উদ্বেগজনকভাবে মাদকের বিস্তার ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, চিহ্নিত কিছু মাদককারবারী প্রকাশ্যেই নিয়মিত মাদক বিক্রি করছে। এর ফলে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে মাদকের ভয়াল গ্রাসে আটকা পড়ছে।
স্থানীয়রা জানান, মাদকের সহজলভ্যতার কারণে অনেক শিক্ষার্থী ও তরুণ নেশার দিকে ঝুঁকে পড়ছে। প্রতিদিনই কোনো না কোনো পরিবারে দেখা যাচ্ছে দুঃখ ও হতাশার চিত্র। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন বাবা-মায়েরা। একই সঙ্গে নলডুবি বাজারের ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতে চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন।
বিশেষ করে ঐতিহ্যবাহী নলডুবি মাজার শরীফ ও আশপাশের বাজার এলাকায় মাদকের এমন বিস্তার স্থানীয়দের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ অবস্থায় এলাকাবাসী তাদের জনপ্রিয় নেতা ও বগুড়া-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের সরাসরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মাদকবিরোধী কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগেই কেবল এই মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। বিশেষ করে স্কুল ও কলেজগামী তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে এখনই প্রয়োজন জোরালো সামাজিক আন্দোলন ও কঠোর আইনি পদক্ষেপ।
স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে নলডুবি বাজার ও মাজার শরীফ এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব হবে এবং তরুণ প্রজন্ম আবারও সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে।
© All rights reserved © 2025
Leave a Reply