
খুলনা বিভাগ-এ স্বাস্থ্য সেবা উন্নয়নে জটিলতা ও অনিয়ম
সরকারি হাসপাতালে অবহেলা, বেসরকারিতে বাড়তি মনোযোগ—চিকিৎসা খাতে সিন্ডিকেটের অভিযোগ
খুলনা বিভাগে স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের নানা উদ্যোগ থাকলেও মাঠপর্যায়ে রয়ে গেছে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিস্তর অভিযোগ। বিশেষ করে সরকারি হাসপাতালের কিছু চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত ভিজিট নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে রোগীদের যথাযথ সময় ও মনোযোগ না দিয়ে একই চিকিৎসকরা বিকেলে বেসরকারি প্রতিষ্ঠানে বেশি ফি নিয়ে সেবা দিচ্ছেন। এতে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বাধ্য হয়ে উচ্চ খরচে বেসরকারি চিকিৎসা নিতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে চিকিৎসা খাত নিয়ন্ত্রণ করছে। সরকারি হাসপাতাল থেকে রোগীকে নানা অজুহাতে বাইরে পাঠানো, নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে বাধ্য করা এবং কমিশনভিত্তিক রেফার—এসব অনিয়মের মাধ্যমে গড়ে উঠেছে শক্তিশালী চক্র।
একাধিক ভুক্তভোগী জানান, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র থাকলেও সেগুলো প্রায়ই অকার্যকর দেখানো হয়। পরে রোগীকে নির্দিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানো হয়। এতে রোগীর অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে এবং স্বাস্থ্যখাতে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
স্বাস্থ্য সচেতন মহলের মতে, এ ধরনের অনিয়ম শুধু নৈতিকতার পরিপন্থী নয়, বরং সরকারের স্বাস্থ্যখাত উন্নয়নের প্রচেষ্টাকেও ব্যাহত করছে। তারা দ্রুত তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জনস্বার্থে বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, বেসরকারি চর্চায় স্বচ্ছ নীতিমালা প্রয়োগ এবং কঠোর তদারকি জোরদার করা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
© All rights reserved © 2025
Leave a Reply