
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একদিনে দুইটি পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ জন গ্রেফতার।
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একদিনে দুইটি পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হলেও তার স্বামী এখনো পলাতক রয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বেলা আনুমানিক ১১টা ০৫ মিনিটে বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুলতাইড় কুলি পট্টি এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোছাঃ জমিলা বেগম (৪০)-কে আটক করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৭,২১০ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জমিলা বেগম জানান, তার স্বামী মোঃ আবুল হোসেন (৫২)-এর সাথে যোগসাজশে দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছিল। তবে অভিযান পরিচালনার সময় আবুল হোসেন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই দিনে সাঘাটা থানার আরেকটি পৃথক অভিযানে মামলা নং-০৭/২৫৯, তাং-১০/১২/২০২৫-এর ভিত্তিতে মোঃ কবির শেখ (২৮)-কে আটক করা হয়। তার বাড়ি নশিরারপাড়া, সাঘাটা, গাইবান্ধা। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩,০০০ টাকা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, সাঘাটা উপজেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply