
সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযান: ৪২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, তিনজনের বিরুদ্ধে মামলা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক ব্যবসার অভিযোগে পলাতক আসামি মোসাব্বির হাসান মিমের বসতবাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষে থাকা একটি প্লাস্টিকের র্যাকের ভেতর থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় মোঃ উজ্জ্বল শেখ (৩৩), মোঃ মোসাব্বির হাসান মিম ও মোঃ মমিনুর রহমান লেবুর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় ৭ নভেম্বর ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক), ১৯(ক) ও ৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply