
অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সেমিনারে মির্জা মুহম্মদ শহীদুল্লাহ
সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও
মাদকযুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকাই বেশি
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাদক এখন ক্যান্সারের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যেখানে মাদকের ছোঁয়া লাগেনি। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, মাদক একটি পরিবার, একটি সমাজ, একটি গ্রাম, সর্বোপরি জাতিকে ধ্বংস করে। মাদকের ছোবল থেকে বাঁচতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সরকারের কর্মসূচি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও মাদকযুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকাই সবচেয়ে বেশি। অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের মাদকবিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপম মির্জা মুহম্মদ শহীদুল্লাহ উপরোক্ত কথাগুলো বলেন।
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের আয়োজনে ১৭ জুলাই, শুক্রবার, বিকাল ৪টায় নগরীর লেকসিটি হাউজিং সোসাইটির অধিকার বঞ্চিত শিশু বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি ও মাদকবিরোধী সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মির্জা মুহম্মদ শহীদুল্লাহ। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব রোটারিয়ান এস এম আজিজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা মুহম্মদ শহীদুল্লাহ বলেন, সারা দেশের মতো আমাদের চট্টগ্রাম মাদকের থাবায় আক্রান্ত। এর থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আমাদের আগামী প্রজন্মকে সুস্থ, সুন্দর ও সুস্বাস্থ্যের নাগরিক হিসেবে মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ হতে হবে। তিনি আরো বলেন, সরকার মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধে আমাদেরও সামিল হয়ে প্রতিটি ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রোটারিয়ান এস এম আজিজ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের দায়িত্ব শুধু সরকার ও প্রশাসনের নয়, এ দায়িত্ব প্রতিটি নাগরিকের। সরকার ও প্রশাসন যেমন মাদকের বিরুদ্ধে সোচ্চার, তেমনি দেশের প্রতিটি নাগরিককে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের শিশুদের ও শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে ধারণা জাগিয়ে তাদের মাদকবিরোধী সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজামীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, উপদেষ্টা আয়েশা সিদ্দিকা, খুরশিদা খানম, মো. আবদুল মোমেন।
© All rights reserved © 2025
Leave a Reply