
নরসিংদীতে সাংবাদিক পেটানোর ঘটনায় বিএনপি নেতা বোরহান উদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের।
নরসিংদীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনসহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ২৫ জুন দুপুর আনুমানিক ১টার দিকে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে স্ত্রী নির্যাতনের একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান ঢাকা টুডের নরসিংদী জেলা প্রতিনিধি সাকিব খন্দকার। ভুক্তভোগী নারী, তার শ্বশুরবাড়ির সদস্য এবং আশপাশের লোকজনের সাক্ষাৎকার গ্রহণ শেষে ফেরার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনের নির্দেশে ১৫ থেকে ২০ জনের একটি দল অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় ঢাকা টুডের সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা তার ব্যবহৃত মাইক্রোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে। বাধা দিতে গেলে ওই সাংবাদিককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
এছাড়া, প্রথম দফা হামলার সময় সাংবাদিকের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ মুছে ফেলার জন্য চাপ সৃষ্টি করা হয়। ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানালে বোরহান উদ্দিনসহ অন্যান্য হামলাকারীরা দ্বিতীয় দফায় পুনরায় হামলা চালায়। এ সময় সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় বোরহান উদ্দিনসহ ২০ জনকে আসামি করে নরসিংদী জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আসামীরা হলেন আবু কালাম (৪৫) পিতা- সোলেমান, ওহাব মিয়া (৪২) পিতা- মৃত রহিম বক্স, হুমায়ুন কবির(৩৫) পিতা- হাফিজ উদ্দিন,
জাকির(৪২) পিতা- রাজ্জাক, ইউনুস আলী (৪২) পিতা -সালাম মিয়া,
রানা(২৯) পিতা- ইসমাঈল, সিহাব (২৩) পিতা- ইসমাঈল, বোরহান উদ্দিন (৫৫)পিতা- মৃত সুন্দর আলী, মইজ উদ্দিন (৫৬) পিতা -মৃত আব্দুল রাজ্জাক সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সাকিব খন্দকার বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি অতর্কিত হামলার শিকার হয়েছি। ন্যায়বিচার পাওয়ার আশায় আমি আদালতের দ্বারস্থ হয়েছি। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ, তবে এ পেশা হুমকির মুখে পড়বে।
© All rights reserved © 2025
Leave a Reply