
ছাগলে শাক খাওয়া নিয়ে রণক্ষেত্র শ্রীপুর: নারীসহ আহত ৮, বাড়িঘর ভা*ঙ*চুর
শামীম শেখ, স্টাফ রিপোর্টার
মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিবেশীর ছাগলে জমির শাক খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের জমির শাক খেয়ে ফেলে। এই তুচ্ছ ঘটনা নিয়ে মোতাহারের ছেলে তরিকুলের সাথে সাজেদার পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে মারধর করলে উত্তেজনার সৃষ্টি হয় এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে সুজন শেখের বসতবাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এতে জালাল শেখ গ্রুপের হারুন শেখ (৩০), সুজন শেখ (২৫), সুমন শেখ (৩০) ও আফরোজা (২৭) আহত হন। অন্যদিকে, মোতাহার গ্রুপের নাজির (৩৫), উজ্জ্বল (৩০) ও শরিফুল (৩০) গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
© All rights reserved © 2025
Leave a Reply