
রামগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: –
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর এলাকায় এক গৃহবধূর মরদেহ নিজ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ প্রবাসী আলমগীরের স্ত্রী। আলমগীর বর্তমানে কাতারে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁদের সংসারে ১২ বছর ও ৩ বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, পশ্চিম মাছিমপুরের মুজাফর হাজী বাড়ি (সাবেক চৌকিদার বাড়ি) এলাকায় নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
© All rights reserved © 2025
Leave a Reply