
গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন: নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচন ২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) নির্বাচন কমিশন এই চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। নির্বাচনে নির্ধারিত সকল পদের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ ফেরদৌস হোসেন এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহামুদুন নবী টিটুল। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির পাঁচটি সাধারণ সদস্য পদে মোঃ শহীদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মোঃ সাহেদ হোসেন, মোছাঃ রেবেকা সুলতানা এবং শাকিল আহম্মেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু ফলাফল চূড়ান্ত করে তা প্রকাশ করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মোঃ মঞ্জুর মোর্শেদ বাবু, অ্যাডভোকেট মোঃ সায়েম মণ্ডল, অ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন (জাহাঙ্গীর), মোঃ আসাদুল্লাহ্ এবং সচিব ও ইউএলও সাইদুর হাসান শাওন স্বাক্ষর করে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন।
এর আগে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন এই কার্যনির্বাহী পরিষদ আগামী দিনে জেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক ও মানবিক কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে।
Leave a Reply