
গোবিন্দগঞ্জে বসতবাড়ির রাস্তা নিয়ে দ্বন্দ্বে মারপিট-পানিতে চুবানো ও শ্লীলতাহনিকর ঘটনায় আহত ৩,
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়ির রাস্তা নিয়ে দ্বন্দ্বে পথরোধে মারপিট, পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা এবং শ্লীলতাহানিকর ঘটনায় ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৯ জুন,২০২৪) রাত ৯টার দিকে উপজেলার কোচাশহর ইউপির দক্ষিণ শোলাগাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই গ্রামের মৃত আ. জোব্বার শেখের ছেলে আ. গফুর শেখসহ ছেলে মেহেদী ও বোনকে শ্লীলতাহানিকর গুরুতর আহত হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে ভাগী-শরীকদের মাঝে ফরিদুল ইসলাম শেখ, ফয়জুল ইসলাম শেখ, বাবু শেখ ও বাবলু শেখদের অভিযুক্ত করা হয়।
জানা গেছে, পূর্ব থেকে পারিবারিক বিষয় এবং বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়া বিরোধ-বিবাদ চলমান। এরই জেরে তারা প্রায়ই ভুক্তভোগীদের মারপিট, খুন-জখম ও ভয়-ভীতির হুমকি অব্যাহত রাখে। ঘটনার দিন ভুক্তভোগী বাবা-ছেলে কোচাশহর বাজার শেষে বাড়ি ফেরার পথে এমদাদুলের বাড়ির সামনে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে পথরোধে মেহেদীকে মারপিট করে। একপর্যায়ে তাকে রাস্তা সংলগ্ন ভুক্তভোগীর পুকুরের পানিতে ফেলে দিয়ে পানিতে চুবাতে থাকে। তাকে উদ্ধারে বাবা আ. গফুর পানিতে নামলে তাকেও মারপিট ও পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। তাদের আত্মচিৎকারে ভুক্তভোগীর বোন এগিয়ে এলে তাকেও মারপিটে ছেলা-ফোলা জখম ও শ্লীলতাহানি ঘটিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ের টিউবয়েলটি ভেঙ্গে নিয়ে যায়। পরে প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
লিখিত অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2025
Leave a Reply