
কুড়িগ্রামে নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মোঃ জাফর আহমদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ০৫ আগস্ট ২০২৬
শ্রদ্ধা, ভালোবাসা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। চব্বিশের গণআন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনব্যাপী জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় জেলা প্রশাসক অন্ন পূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব মোসলেমা বেগম মিলি কায়কোবাদ সাধারন সাধারন মহিলা দল কুড়িগ্রাম জেলা শা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
এরপর কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সমন্বয়ক, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা শহীদদের আত্মত্যাগকে জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে আগামী প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের করণীয় তুলে ধরা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস শ্রদ্ধা, স্মরণ ও নতুন বাংলাদেশের প্রত্যয়ের মধ্য দিয়ে উদযাপিত হয়।
© All rights reserved © 2025
Leave a Reply