
বাগেরহাটে পরিবেশ বান্ধব কংক্রিট
ব্লক, বদলে যাচ্ছে নির্মাণ ধারা
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
উর্বর আবাদি জমির মাটি কেটে ইট তৈরি এবং দেশীয় বনজ গাছ কেটে তা পোড়নোর প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বাগেরহাটে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক। গ্রামীণ সড়ক, আবাসিক ও বাণিজ্যিক, মসজিদ, লাইব্রেরি ভবন নির্মাণ কাজে ইউনিব্লক, হলোব্লক, সলিডব্লক,এএসিব্লক, ডিজাইনব্লক, পাকিংব্লক ও ইকো-ব্রিকের ব্যাপক ব্যবহার বাড়ছে। টেকসই, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন এসব নির্মাণ সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাগেরহাট জেলার বিভিন্ন উদ্যোক্তার কারখানায় প্রতিদিন হাজার হাজার কংক্রিট ব্লক উৎপাদিত হচ্ছে। ফ্লাই অ্যাশ (কয়লার ছাই), পাথরের খোয়া, মোটা বালু ও সিমেন্টের মিশ্রনে তৈরি এসব ব্লক বর্তমানে পোড়া ইটের বিকল্প হিসেবে কার্যকর ও পরিবেশবান্ধব বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাগেরহাটে ২৪ জন উদ্যোক্তা এই পরিবেশবান্ধব ব্লক নির্মাণ সামগ্রী উৎপাদনের জর্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে এসব উদ্যোক্তাদের তৈরি ব্লক ব্যবহার করে কম খরচে টেকসই নির্মাণকাজ করা হচ্ছে, যা জনপ্রিয় হয়ে উঠছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পরিবেশবান্ধব আদর্শ মসজিদ কংক্রিটের ব্লক দিয়ে নির্মিত হয়েছে। এ মসজিদে এক সাথে প্রায় ২০০ মুসল্লি নামাজ আদায় করছেন। এভাবে কংক্রিট ইউনি ব্লকে নির্মিত ব্লক দিয়ে গ্রামীণ সড়ক ব্যবহার করে সন্তোষ প্রকাশ করেছেন গাড়ীর চালকসহ স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, এসব সড়ক টেকসই, দৃষ্টিনন্দন ও বর্ষাসহ সব মৌসুমে চলাচলের জন্য উপযোগী।
কোডেকের পরিচালক স্থপতি কাজী ওয়াফিক আলম জানান, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে কংক্রিট ব্লক পোড়া ইটের কার্যকর ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে প্রমাণিত হয়েছে। ইতিমধ্যেই বাগেরহাটে কংক্রিট ব্লক ব্যবহার করে পাঁচটি আবাসিক ভবন, একটি লাইব্রেরি, একটি মডেল মসজিদ ও ৮৫০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে।
পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানান, দেশে প্রায় ৮ হাজার ইট ভাটার মধ্যে প্রায় ৫ হাজারই অবৈধ। পরিবেশ সুরক্ষায় এবছর থেকে দেশের কোন ইট ভাটায় আর কাঠ পোড়াতে দেয়া হবেনা। সরকার ধাপে ধাপে ইটের পরিবর্তে কংক্রিট ব্লকসহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর ব্যবহার বাড়াচ্ছে। কংক্রিট ব্লক নির্মাণ খাতে ইতিমধ্যেই ৩০ শতাংশের অধিক অগ্রগতি হয়েছে। সাধারণ মানুষকেও পরিবেশবান্ধব এই কংক্রিট ব্লক দিয়ে বাড়িসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করার আহবান জানান পরিবেশ প্রতিমন্ত্রী। ##
© All rights reserved © 2025
Leave a Reply