
লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক’ হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। বিশেষ অভিযানে মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল রাত ৮টা থেকে ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডোমনন্দী এলাকায় একটি ধানক্ষেতে আব্দুর রহমান ওরফে মিন্টু (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলেই ফেলে রাখা হয়। নিহত মিন্টুর বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার চর মটুয়া এলাকায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়পুর থানার সহযোগিতায় পরিচালিত অভিযানে লক্ষ্মীপুরের রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার দুই মূল আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মোস্তফা ওরফে হৃদয় (২৯) এবং মো. সুমন (২৩)। তারা উভয়েই নোয়াখালীর সুধারাম উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়নের বাসিন্দা।
গ্রেপ্তারের সময় আসামিদের দেহ তল্লাশি করে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে একটি স্যামসাং গ্যালাক্সি এ-১৫ স্মার্টফোন এবং একটি মাইক্রোনেক্স এমএক্স-৫৫ বাটন ফোন রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply