
নাটোরে গোপনে ২৬০০ লিটার পেট্রোল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে তেল সংকটকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
দীর্ঘ সময় তেল না পেয়ে ৮ এপ্রিল বুধবার সকালে ক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ একপর্যায়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবমুক্ত করা হয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এসময় ঘটনাটি তদন্ত করে উপজেলা প্রশাসন জানতে পারে, সংশ্লিষ্ট পাটোয়ারী ফিলিং স্টেশন নিয়ম উপেক্ষা করে গভীর রাতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে না জানিয়ে গোপনে প্রায় ২৬০০ লিটার পেট্রোল বিক্রি করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পেট্রোল ও অন্যান্য জ্বালানি তেল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা সতর্কবার্তা দিয়েছেন।
© All rights reserved © 2025
Leave a Reply