
বোরো ক্ষেতে বিদ্যুৎ ফাঁদে কৃষকের জীবনাবসান
মোঃ আজগার আলী, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইঁদুর দমনে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক সুবোধ মন্ডল (৬০) ওই গ্রামের বাসিন্দা এবং ধীরেন্দ্র মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় অনেক কৃষক ক্ষেতের চারপাশে চিকন জিআই তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন। এর মাধ্যমে ইঁদুর দমনের চেষ্টা করা হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয়।
ঘটনার দিন সন্ধ্যায় সুবোধ মন্ডল তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজেদের ধানক্ষেত পরিদর্শনে যান। ক্ষেত ঘুরে দেখার পর বাড়ি ফেরার সময় তার ছোট ভাই কিছুটা এগিয়ে যান। কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর পেছনে তাকিয়ে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি আবার ক্ষেতের দিকে ফিরে আসেন।
পরে গিয়ে তিনি দেখতে পান, সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ইঁদুর নিধনের জন্য ধানক্ষেতে এভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া অত্যন্ত বিপজ্জনক হলেও অনেকেই গোপনে এ পদ্ধতি ব্যবহার করে থাকেন। ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, কৃষকদের বিকল্প নিরাপদ পদ্ধতিতে ইঁদুর দমন করতে উদ্বুদ্ধ করা এবং এ ধরনের অবৈধ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি জরুরি। তা না হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
© All rights reserved © 2025
Leave a Reply