
নওগাঁয় আসল ডিবির জালে চাঞ্চল্যকর ‘ভুয়া ডিবি’ সুমন গ্রেফতার
মোঃ ওলিউল্লাহ্ , বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী )
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও ভুয়া ডিবি সুমনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নওগাঁ সদর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২ জুলাই দুপুরে বলিহার বাজারের এক ঔষধ ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে দুবলহাটি বাজারে তাঁর ভাগিনার হাঁসের খামারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ইন্তিতলা মোড় পার হয়ে কিছুদূর এগোলে একটি মোটরসাইকেলে আসা দুজন ছিনতাইকারী তাঁর গতিবিধি রোধ করে। এরপর ভুক্তভোগীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আজ (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কার্যালয়ে এসে বিষয়টি অবগত করেন। অভিযোগ শুনে পুলিশ সুপার দ্রুত তাকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং জেলা গোয়েন্দা শাখাকে আসামি শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন।
পুলিশ সুপারের কঠোর নির্দেশনার পর জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম মাঠ পর্যায়ের তথ্য ও তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ করে নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা ভুয়া ডিবি সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ডিবি পুলিশ জানায়, সুমন এলাকায় নিজেকে ‘ডিবি সুমন’ নামে পরিচয় দিত। সে সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি ছড়াতে দম্ভোক্তি করে বলত, “আমি একজন ডিবি পুলিশকে মেরেছি, সেজন্যই আমার নাম ডিবি সুমন।”
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেছে। জেলা গোয়েন্দা শাখা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত ভুয়া ডিবি সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি এবং মাদক মামলাসহ প্রায় ১০টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2025
Leave a Reply