1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

গৃহবধূর মৃ*ত্যু*কে ঘিরে রহস্য, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৮ Time View

গৃহবধূর মৃ*ত্যু*কে ঘিরে রহস্য, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা শহরের কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযোগ উঠেছে, স্বামী শেখ সাকিব হোসেন ও শাশুড়ি খালেদা বেগম মিলে সোহানাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করেছেন।
শুক্রবার (২২ মে) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহানা পারভীন স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল খলিলের মেয়ে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।
ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক অংশ হয়ে ওঠে নিহতের তিন বছর বয়সী শিশু সন্তান ফাইয়াজ হোসেনের বক্তব্য। শিশুটি সাংবাদিকদের জানায়, “আমার আব্বু আর দাদি দুইজনে মিলে আম্মুকে মারছে। তারপর আম্মুকে ঘরের ভিতরে ওড়না দিয়ে ওপরের আড়ার সাথে ঝুলাই দিছে।” শিশুর এমন বক্তব্য স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই সোহানা পারভীনের ওপর বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। প্রতিবেশীরা জানান, স্বামী শেখ সাকিব হোসেনের সঙ্গে পাশের এলাকার এক তরুণীর পরকীয়া সম্পর্ক ছিল। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া, অশান্তি ও মারধরের ঘটনা ঘটত।
প্রতিবেশীদের অভিযোগ, শুক্রবার সকালেও একই বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ বাধে। একপর্যায়ে সোহানাকে মারধর করা হলে তার মৃত্যু ঘটে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয় বলে দাবি স্থানীয়দের।
ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত কর্মকর্তা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন। নিহতের স্বামী শেখ সাকিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে। তদন্ত শেষে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এটিকে হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :