
গাবতলীতে পাঁচ লাখ টাকার বিরোধে বৃদ্ধ খুন, আসামি গ্রেফতার
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রামে পাঁচ লাখ টাকার জমি বিরোধের জেরে আব্দুল লতিফ (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। গত ২৯ মার্চ সকালে স্যালো মেশিন ঘরের পাশে ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, আগের রাতের খাবার শেষে লতিফ স্যালো মেশিন ঘরে ঘুমাতে যান। সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় গাবতলী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তে জানা যায়, সেচ পাম্পের জমি নিয়ে লতিফের সঙ্গে গৌরব সিংহ (৩৩)-এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পাঁচ লাখ টাকার লেনদেন নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল।
পুলিশ জানায়, ঘটনার রাতে গৌরব সিংহ জামালপুর থেকে গাবতলীতে এসে লতিফকে একা পেয়ে মারধর করে এবং কোদাল দিয়ে আঘাত করে হত্যা করে। পরে সে আবার জামালপুরে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও ব্যাংকের কার্ড উদ্ধার করা হয়, যা আসামির বলে শনাক্ত হয়। পরবর্তীতে ৩০ মার্চ বিকেলে জামালপুর জেলার মেলান্দহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply