
সাঘাটায় জাপার দুই শীর্ষ নেতা সহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) শীর্ষ দুই নেতা ও বিপুলসংখ্যক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন বলে দাবি করেছে স্থানীয় বিএনপি।
গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে বরণ করে নেওয়া হয়।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সদস্য সচিব মোফিজুল হক নয়ন। তাদের সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সংহতির সভাপতি-সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন বলে দাবি করা হয়।
অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি এবং গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ ফারুক আলম সরকার।
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য ও শিল্পপতি কামরুজ্জামান সোহাগসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি। নতুন নেতাকর্মীদের যোগদানে দল আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল রাতে সাংবাদিকদের জানান, সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমান আতা ও সদস্য সচিব মোফিজুল হক নয়ন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যুক্ত হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
© All rights reserved © 2025
Leave a Reply