
খুলনায় যুবদল নেতা শামীম আহমেদ হত্যা: স্ত্রী ও শ্যালক গ্রেফতার, হত্যার অস্ত্র উদ্ধার
দুর্নীতি তালাশ টিম
এস্টাফ রিপোর্টার্স
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় যুবদল নেতা শামীম আহমেদ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে বৃষ্টি ও তার ভাই বাদলকে আটক করা হয়েছে।
খুলনা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবির শুভ্র জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রী বৃষ্টি আগেই স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। এ উদ্দেশ্যে তিনি একটি চাপাতি সংগ্রহ করে রাখেন। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে বৃষ্টির ভাই বাদল চাপাতি দিয়ে শামীমকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় বৃষ্টি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। পরে হত্যার অস্ত্র পাশের একটি গর্তে ফেলে দেওয়া হয়।
এএসপি আরও বলেন, “বৃষ্টির স্বীকারোক্তি অনুযায়ী চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকার নিজ বাড়ির তৃতীয় তলায় খুন হন যুবদল নেতা শামীম আহমেদ। তিনি সাতক্ষীরার তালা উপজেলার উথালী গ্রামের আব্দুল গফফারের ছেলে এবং ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
© All rights reserved © 2025
Leave a Reply