1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 17, 2026, 12:18 am

দশমিনায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে কৃষক-জনতার র‍্যালি, সমাবেশ ও মানববন্ধন*

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2026
  • 32 Time View

দশমিনায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে কৃষক-জনতার র‍্যালি, সমাবেশ ও মানববন্ধন*

এইচ.এম. নুরনবী,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় জনপদ, কৃষিজমি ও মানুষের জীবন-জীবিকা রক্ষা এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে ‘আইল থেকে আন্তালিয়া’ স্লোগানে এ কর্মসূচি পালিত হয়। এতে দশমিনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক, কিষাণী, ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

প্রথমে তারা দশমিনা ইউনিয়ন পরিষদের সামনে সমবেত হন। পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কায়েস মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, কেন্দ্রীয় নেতা শাহ আলম, মানবাধিকারকর্মী ও অন্বেষা সমাজসেবার নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান টিটু, দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কৃষক, মৎস্যজীবী, ভূমিহীন ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন। নদীভাঙন, লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ ও কৃষিজমির ক্ষয়ক্ষতি মানুষের জীবন-জীবিকাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে দায়ী ধনী দেশ ও জীবাশ্ম জ্বালানিনির্ভর করপোরেট শক্তিগুলো তাদের দায় যথাযথভাবে স্বীকার করছে না।

তারা আরও বলেন, উপকূলীয় মানুষের বসতভিটা, কৃষিজমি ও জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কৃষক, কিষাণী, ভূমিহীন এবং উপকূলীয় মানুষের মতামত ও অধিকারকে গুরুত্ব দিতে হবে।

বক্তাদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকবান্ধব ন্যায্য রূপান্তর, খাদ্য সার্বভৌমত্ব এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। উন্নয়নের নামে কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ উপেক্ষা করে জলবায়ু সংকটের টেকসই সমাধান সম্ভব নয়।

সমাবেশ থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ এবং কৃষকের অধিকার সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।

উপকূলের প্রান্তিক মানুষের জীবন-জীবিকা ও অধিকার রক্ষার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা স্পষ্ট করেন, জলবায়ু সংকটের দায় যারা সৃষ্টি করেছে, ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য পাওনা নিশ্চিত করার দায়িত্বও তাদের নিতে হবে।

—
তারিখ: ১৬/১১/২০২৬
এইচ.এম. নুরনবী
পটুয়াখালী জেলা প্রতিনিধি
মোবাইল: ০১৭৭৭-০৪২১৯৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি