
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণহত্যা দিবস পালন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আগামী ১৬ জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এবং ৫ আগস্ট গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় দিবস দুটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে গৃহীত কর্মসূচি, সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, ১৬ জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইভাবে ৫ আগস্ট গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৩০ মিনিটে আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এছাড়া কর্মসূচির অংশ হিসেবে স্মরণসভা, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী, জেলা সরকারি হাসপাতাল, জেলা বাস টার্মিনাল ও শহরের প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা দিবস দুটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মুশফিকুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল চন্দ্র দাস, গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক, গোবিন্দগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সুন্দরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) লক্ষণ কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর জুলাই যোদ্ধা, জুলাই শহিদ পরিবারের সদস্য, রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025
Leave a Reply