
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হিসেবে আসাদুল হাবিব দুলু এমপি মনোনীত: অভিনন্দনের পাশাপাশি কুড়িগ্রামবাসীর প্রত্যাশা ও দাবি
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি-কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হিসেবে মনোনীত করায় কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণ নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণে নিবেদিত কর্মপ্রচেষ্টার মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবেন। তাঁর নেতৃত্বে রংপুর অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সবার।
তবে অভিনন্দনের পাশাপাশি কুড়িগ্রামের সাধারণ মানুষের পক্ষ থেকে তাঁর প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রত্যাশাও তুলে ধরা হয়েছে। জেলার মানুষ বলছেন, নদীভাঙন, দারিদ্র্য এবং অবকাঠামোগত সংকটে দীর্ঘদিন ধরে অবহেলিত কুড়িগ্রামের উন্নয়নে মাননীয় মন্ত্রী আরও আন্তরিক ও বিশেষ নজর দেবেন।
বিশেষ করে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বর্তমান অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। তাদের অভিযোগ, আধুনিক ভবন নির্মিত হলেও প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও মানসম্মত চিকিৎসাসেবার ঘাটতিতে রোগীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
এছাড়া হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম নিয়েও নানা অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তাদের ভাষ্য, কিছু বিতর্কিত কর্মকর্তা প্রশাসনিক স্বচ্ছতা ও সেবার পরিবেশ নষ্ট করছেন। ফলে হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
কুড়িগ্রামবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। একই সঙ্গে তারা আশা করছেন, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কুড়িগ্রামকে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।
কুড়িগ্রামের জনগণের বিশ্বাস, মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির আন্তরিক উদ্যোগে জেলার স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা হবে। অভিনন্দনের পাশাপাশি এই প্রত্যাশাই আজ কুড়িগ্রামবাসীর প্রধান আকাঙ্ক্ষা।
© All rights reserved © 2025
Leave a Reply