
সাঘাটায় বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। বুধবার (৬ মে) রাতে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ এ প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার এসআই (নিঃ) মোঃ একরামুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কামারপাড়া এলাকায় আনিছুর ব্যাপারীর পশ্চিম দুয়ারী টিনশেড ঘরে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ আনিছুর ব্যাপারী (৪২), পিতা-মৃত ধনু ব্যাপারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও দেখানো মতে ঘর থেকে ৬ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং ৩টি কাগজের পুরিয়ায় মোড়ানো মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply