
কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত কালিগঞ্জ থানাধীন খানজিয়া এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। খানজিয়া বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে থানজিয়া নামক স্থানে যৌথ বাহিনী এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। তার সঙ্গে অংশ নেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব-৬) সাতক্ষীরার একটি চৌকস দল। দীর্ঘ সময় ধরে পরিচালিত অভিযানে এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার খানজিয়া গ্রামের মোঃ ইমরান হোসেন (৩০) এবং পশ্চিম সেয়ারা গ্রামের মোঃ কামাল হোসেন (৩৩)-কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এত বড় পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় স্থানীয় যুব সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানায়, জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply