
বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় নির্ধারণে এক গণসমাবেশ অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় নির্ধারণে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল ২০২৬, গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন। এসকেএস ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত Community-based Resilience, Women’s Empowerment and Action (CREA) প্রকল্পের আওতায় এ গণসমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ, বিশেষকরে চরাঞ্চলের বাসিন্দারা অংশ নেন। তাঁরা বাল্যবিয়ের পেছনের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে বাল্যবিয়ে অনেকাংশে বন্ধ করা সম্ভব। কিন্তু যেখানে উচ্চ বিদ্যালয়ের অভাব রয়েছে, সেখানে কিশোরীদের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন। ফলে অনেক ক্ষেত্রে বাল্যবিয়ের ঝুঁকি বেড়ে যায়। তাই বাল্যবিয়ে রোধে আগে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ শুধু সরকারের বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। সরকার ইতোমধ্যে এ বিষয়ে আইন প্রণয়ন করেছে এবং শাস্তির বিধান রেখেছে। তবে জনসচেতনতা ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। তিনি এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এবং ফুলছড়ি থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমান।
© All rights reserved © 2025
Leave a Reply