
কাস্তুল গভীর রাতে অজ্ঞান করে সর্বস্ব লুট।
মোঃঝুটন মিয়া (অষ্টগ্রাম)
কাস্তুল মৈশানহাটিতে চোরের আতঙ্কে নির্ঘুম রাত, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ
অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মৈশানহাটি গ্রামে রাত নামলেই নেমে আসে আতঙ্ক। একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তাহীন হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে কাস্তুল মৈশানহাটির বাসিন্দা রফিকুল ইসলাম জুয়েল (৩০)-এর ঘরে সংঘটিত হয় ভয়াবহ চুরির ঘটনা।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জুয়েল, যিনি মৃত তাইজুল ইসলামের পুত্র, জানান—রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে চোরচক্র ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সবাই গভীর ঘুমে থাকাকালে ওয়ারড্রোব ও শোকেসের তালা ভেঙে স্বর্ণ ও রূপার অলংকারসহ নগদ ৬০ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায় চোরেরা।
পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, “আমরা ঘুমিয়ে পড়ার পর চোরেরা আমাদের অজ্ঞান করে ফেলে। সকালে উঠে দেখি ঘর তছনছ, সর্বস্ব শেষ।” এই কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, মৈশানহাটি এলাকায় এ ধরনের ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে গেছে। রাত নামলেই মানুষ আতঙ্কে থাকেন—এই বুঝি চোর ঘরে ঢুকে পড়ে। নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাবাসীর প্রশ্ন—“ঘরের ভেতরও যদি মানুষ নিরাপদ না থাকে, তাহলে যাবে কোথায়?” দ্রুত চোরচক্র শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাত্রীকালীন টহল জোরদার এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।
এ ঘটনায় অষ্টগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
© All rights reserved © 2025
Leave a Reply