
দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য গোলাপি সড়ক শোভাযাত্রা
দিনাজপুর স্টাফ রিপোর্টার*
দিনাজপুরে বর্ণাঢ্য ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র মধ্য দিয়ে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়।
শোভাযাত্রাটি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়, সদর হাসপাতাল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ঐতিহ্যবাহী বড় ময়দানের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবিরের নেতৃত্বে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু ও ডা. মো. জিয়াউল হক জিয়া, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, সদস্য জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার ও শওকত উল্লাহ মজিদ বাদশা, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট এবং জনসংযোগ ও অ্যাসাইনমেন্ট কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান পিন্টু। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন।
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির বলেন, স্তন ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
তিনি বলেন, স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব। এতে সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে জীবন রক্ষার সম্ভাবনা বাড়ে।
Leave a Reply