1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 9, 2026, 9:59 pm

সাতক্ষীরায় জাকারিয়া হত্যা: নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2026
  • 10 Time View

সাতক্ষীরায় জাকারিয়া হত্যা: নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় কলেজছাত্র মো. জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও অমিত হাসান শিপনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক বিলাস মণ্ডল উভয় আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত নাহিদ হাসান সাতক্ষীরা শহরতলীর ইটাগাছা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। অপর আসামি অমিত হাসান শিপন একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই আলমগীর হোসেন জানান, কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুলিশ মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার শুইলপুর এলাকা থেকে নাহিদ হাসান ও অমিত হাসান শিপনকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়।
বৃহস্পতিবার রিমান্ড আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা, ঘটনার পূর্বাপর এবং অন্য জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ কয়েকজনের বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে বাপ্পি হাসানকে রক্ষা করতে এগিয়ে আসেন কলেজছাত্র জাকারিয়া খাঁন। এ সময় জাকারিয়ার সঙ্গে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের ধস্তাধস্তি ও বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই সময় জাকারিয়াকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

জাকারিয়া হত্যার ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে গত ৩ অক্টোবর রাতে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ নাহিদ হাসান ও অমিত হাসান শিপনকে কালিগঞ্জ উপজেলার শুইলপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা এবং ব্যবহৃত অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত সম্পর্কে তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি