
জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে স্ত্রীকে চার লাখ টাকায় ভারতে পাচারের চাঞ্চল্যকর চেষ্টার অভিযোগে স্বামীসহ মানব পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
এসময় পাচারের শিকার হতে যাওয়া এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া গৃহবধূর নাম খুকি আক্তার মীম (২৬)।
তিনি ময়মনসিংহের ভালুকা থানার তালাব গ্রামের মৃত খোকন মিয়ার মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ অক্টোবর রাত অনুমান ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলংয়ের ‘প্রজাপতি রিসোর্টে’ অভিযান চালায় পুলিশ।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান
পরিচালনা করে।
অভিযানকালে জানা যায়, চার লাখ টাকার বিনিময়ে ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে রিসোর্টটিতে এনে আটকে রাখা হয়েছিল।
সেখান থেকে ভিকটিম খুকি আক্তার মীমকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চার পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
আশিকুর রহমান (ভিকটিমের স্বামী), পিতা: আব্দুল লতিফ (গ্রাম: আওলাতলী)
জহিরুল ইসলাম, পিতা: ফিরোজ মিয়া (গ্রাম: নিশ্চাম)কাওছার, পিতা: মোনছের আলী (গ্রাম: পালগাঁও)
সাগর মিয়া, পিতা: আঃ করিম (গ্রাম: গোবুদিয়া)
(গ্রেপ্তারকৃত আসামিদের সবার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।)
এ ঘটনায় ভিকটিম খুকি আক্তার মীম নিজে বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সীমান্ত এলাকায় মানব পাচার ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply