
বগুড়ায় শহিদ ব্রেড কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে‘শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে কারখানাটি থেকে বিপুল পরিমাণ অনুপযোগী খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর,২৬) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এসআরবি-১২, বগুড়ার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর সংরক্ষণ,নোংরা পরিবেশে ও পায়ে মাড়িয়ে ময়দার ডো তৈরি এবং পোড়া তেলে চানাচুর ভাজার চিত্র পাওয়া যায়।এছাড়া প্রস্তুত করা চানাচুর ময়লা মেঝেতে রেখে পায়ে মাড়িয়ে মসলা মাখানো,রান্নাঘরে তেলাপোকা ও অন্যান্য পোকামাকড়ের উপস্থিতি এবং খাদ্য তৈরিতে নন-ফুড গ্রেড রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ সময় খাদ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা পোশাক ছাড়াই খাদ্য প্রস্তুতের কাজ করতেও দেখা যায়।
এসব অনিয়মের কারণে‘শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।একই সঙ্গে আনুমানিক ৮০ কেজি পায়ে মাড়িয়ে তৈরি ময়দার ডো,৭০ কেজি চামড়ায় ব্যবহৃত লবণ এবং ৮০ কেজি ব্যবহার অনুপযোগী পোড়া তেল জব্দ করে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বগুড়ার সহকারী পরিদর্শক মোঃ মেহেদি হাসান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদ,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন।
অভিযানে সার্বিক নিরাপত্তায় এসআরবি-১২, বগুড়া ও জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সরকারি আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply