
বাউফল পৌরসভাকে সচল, আধুনিক ও জনবান্ধব করতে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়:
বাউফল প্রতিনিধি :
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, “বাউফল পৌরসভা আপনাদের। এটিকে রক্ষা করা, সুন্দর করা এবং পৌরবাসীর জন্য একটি আধুনিক ও বসবাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তোলার দায়িত্বও আপনাদের। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর পৌরসভা গড়ে তোলা সম্ভব।”
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বাউফল পৌরসভাকে আরও সচল, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় তিনি বলেন, একটি পৌরসভার উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; নাগরিকদের নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই একটি আধুনিক পৌরসভার মূল লক্ষ্য।
এমপি পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর পৌরসভা গড়ে তুলি। পৌরবাসীকে ভালো রাখি, সুস্থ রাখি এবং তাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করি।”
এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। জনগণের কোনো অভিযোগ বা সমস্যা যেন অযথা পড়ে না থাকে, সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এমপি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় পৌরসভাকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, “পৌরবাসীর অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে জনগণ সর্বোচ্চ সেবা পাওয়ার অধিকার রাখেন। তাই সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি কাম্য নয়।”
বাউফল পৌরসভাকে পরিকল্পিতভাবে আধুনিকায়ন করতে জনপ্রতিনিধি, প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফল পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করা সম্ভব।
মতবিনিময় সভায় বিভিন্ন দল-মতের নেতৃবৃন্দ, পৌরসভার বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাউফল প্রতিনিধি :
০১৭২৫০৯৮৭৬৪
০৬/১০/২০২৬
Leave a Reply