
দুপচাঁচিয়ায় গাঁজার গাছসহ যুবক আটক
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি। বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছসহ মোঃ মান্নান (৩০) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি),বগুড়া।
বুধবার (২৩ সেপ্টেম্বর’২৬) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মান্নান আশুঞ্জা মধ্যপাড়া এলাকার মোঃ মোয়াজ্জেমের ছেলে।
বগুড়া এসআরবি-১২ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ রয়েছে।এর ভিত্তিতে সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মান্নানের নিজ বসতবাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।পরে জব্দ করা গাঁজার গাছসহ আটক মান্নানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।
বগুড়া এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।
Leave a Reply