
গোবিন্দগঞ্জে সিলিকা জেল মেশানো চিংড়ি বিক্রির অভিযোগে ২ জন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিলিকা জেল মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ২৪ কেজি চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চিংড়ি মাছে সিলিকা জেল মেশানোর বিষয়টি শনাক্ত করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় জব্দ করা ২৪ কেজি চিংড়ি মাছ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মিশিয়ে ওজন বাড়ানোর চেষ্টা করে আসছিলেন। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন,মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ক্ষতিকর পদার্থ মিশিয়ে খাদ্যপণ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply