
গাইবান্ধা ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিদর্শক তরুণ কুমার রায়-এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম অভিযানটি পরিচালনা করে।
অভিযানে নম্বরবিহীন একটি কালো রঙের SUZUKI GIXXER SF 250 ABS মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. শাহিন সরকার (৩৯)-এর পিঠে ঝুলানো একটি ব্যাগ থেকে সাদা স্কচটেপ ও কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নীল জিপারযুক্ত পলিব্যাগের ভেতর ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শাহিন সরকারের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগেরপাড়া গ্রামে। অভিযানকালে ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেল, একটি Redmi Note 15 স্মার্টফোন এবং একটি Symphony BL104 বাটন ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ সফল অভিযানে আবারও স্পষ্ট হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এমন ধারাবাহিক ও কঠোর অভিযান ভবিষ্যতেও চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply