
উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে প্রিপেইড মিটার: গাইবান্ধায় বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
উন্নত প্রযুক্তির নামে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে এবং নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে এমন অভিযোগ তুলে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশের আয়োজন করে ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি, গাইবান্ধা জেলা শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, নাগরিক নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, কমিউনিস্ট নেতা রেবতী মোহন বর্মন, সবুজ মিয়া, গাইবান্ধা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নাট্যকর্মী শাহ আলম বাবলু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আক্তার, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, এ.কে.এম. মনির হোসেন সুইট, কাজী আব্দুল খালেক, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, খিলন রবিদাসসহ অনেকে। সমাবেশ পরিচালনা করেন অ্যাডভোকেট ফারুক কবীর।
বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল প্রিপেইড মিটারের কারণে বিদ্যুৎ ব্যবহারের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। একই সঙ্গে রিচার্জ, চার্জ কাটা ও অন্যান্য প্রযুক্তিগত জটিলতায় গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন।
সমাবেশ থেকে গ্রাহক শোষণ ও হয়রানিমূলক প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুৎখাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎখাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
Leave a Reply