
মসজিদে মাদকবিরোধী বক্তব্যের জেরে ইউপি চেয়ারম্যানের ওপর নির্মম হামলা থানায় এজাহার দায়ের
মসজিদে জুম্মার নামাজের সময় মাদক সেবন ও ব্যবসা বর্জনের আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়ার অপরাধে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মন্ডলের (৪৯) ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুরে উপজেলার পূর্ব গোপীনাথপুর গ্রামস্থ গোরস্থান জামে মসজিদে জুম্মার নামাজ চলাকালে এ ঘটনার সূত্রপাত হয়।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর অনুমান ১:০০ ঘটিকায় চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মন্ডল সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে মাদকবর্জনের আহ্বান জানিয়ে আলোচনা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চিহ্নিত কয়েকজন ব্যক্তি মসজিদে বাকবিতণ্ডা শুরু করে। পরবর্তীতে দুপুর ২:১০ ঘটিকার দিকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব গোপীনাথপুর এলাকায় আসামিরা ধারালো হাঁসুয়া, লোহার রড, স্টিলের পাইপ ও লাঠিসোটা নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন, ফলে তার ডান হাতের গাদায় গুরুতর জখম হয়। এছাড়া লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে বেধড়ক মারধর করে তার হাত, বুক ও শরীরে মারাত্মক ফুলা জখম করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়।
পরে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণ ও পরিবারের স্বজনদের সাথে আলোচনা শেষে চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মন্ডল বাদী হয়ে মোঃ রবিউল ইসলাম ওরফে কবির (৪৫), মোঃ সোহেল শেখ (৩০), মোঃ ফরহাদ হোসেন (৩৫), মোঃ সাইফুল ইসলাম (২৮)-সহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সচেতন মহল অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply