
পরানগঞ্জে আলোচিত সোহেলের ক্রুলেজ হত্যা মামলার মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আলোচিত সোহেল সরকারের (২৫) ক্রুলেজ হত্যা মামলার মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে এসআই রিপন চন্দ্র সরকার, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই আলী হোসেন, এএসআই মাহবুব আলমসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক বিরোধ ও পরকীয়াজনিত ক্ষোভের জেরে পূর্বপরিকল্পিতভাবে সোহেল সরকারকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তাঁর মাথা বিচ্ছিন্ন করে মরদেহ মাটিচাপা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে আসছিল। সেই অভিযানের অংশ হিসেবেই মামলার মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
Leave a Reply