
১৭ বছর আওয়ামী লীগের সাতে থেকে এখন রং পালটিয়ে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ সোলাইমানের বিরুদ্ধে
ময়মনসিংহ সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান কবির মাস্টারের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার, জমি দখল, ও নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে হঠাৎ করেই রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান কবির মাস্টার দীর্ঘদিন ধরে পরানগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতির সকল আওয়ামী ব্যানারে ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহিদের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন প্রভাব খাটিয়ে জমি দখল, সরকারি জায়গা নিয়ন্ত্রণসহ নানা কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগ নিয়ে তিনি নিজের অবস্থান পাল্টিয়ে বিএনপির নাম ব্যবহার শুরু করেন। এরপর থেকে এলাকায় নতুন করে প্রভাব বিস্তার, জমি দখল এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, রাজনৈতিক পরিচয়ে সোলায়মান কবির মাস্টারের কর্মকাণ্ডের কোনো পরিবর্তন হয়নি।
বরং নতুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, প্রভাব খাটিয়ে জমি দখল এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও করেছেন এলাকাবাসীরা ।
এ বিষয়ে জানতে সোলায়মান কবির মাস্টারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ কয়েকজন দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন এলাকায় অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।
অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
Leave a Reply