
কুষ্টিয়ার মিরপুরে পুকুর খননের নামে অবাধে চলছে মাটি বিক্রির মহোৎসব
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর তৈরির নামে মাটি খনন করে বিক্রির মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী চক্রের যোগসাজশে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে তিন ফসলি কৃষিজমি।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা তোয়াক্কা না করেই উপজেলার বিভিন্ন এলাকায় চলছে এই ধ্বংসযজ্ঞ।
সর্বশেষ তথ্যানুযায়ী, উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল উত্তরপাড়া জামে মসজিদের একেবারে সামনেই প্রকাশ্য দিবালোকে চলছে গভীর মাটি খনন। ঐতিহ্যবাহী এই মসজিদের সামনের ফসলি জমিটি এখন পরিণত হয়েছে বিশাল গর্তে। বড় বড় ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে তা ট্রাকে করে বিভিন্ন ইটভাটায় ও অন্যত্র বিক্রি করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুকুর খননের নামে মূলত মাটির ব্যবসা চলছে। মসজিদের সামনে এভাবে গভীর গর্ত করায় ধর্মীয় প্রতিষ্ঠানটির অবকাঠামো যেমন ঝুঁকিতে পড়ছে, তেমনি এলাকার পরিবেশ ও যাতায়াতের রাস্তাও নষ্ট হচ্ছে। ধুলোবালিতে একাকার হয়ে যাচ্ছে পুরো এলাকা।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, ফসলি জমি রক্ষায় সরকারের কঠোর নির্দেশনা থাকলেও মিরপুরের এই অঞ্চলে তা বাস্তবায়িত হচ্ছে না। এভাবে চলতে থাকলে আগামীতে এই এলাকায় চাষাবাদের জন্য কোনো জমি অবশিষ্ট থাকবে না। মাটিবাহী ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাটগুলোও ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।
কৃষিজমি রক্ষা এবং মসজিদের মতো পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের সামনের এই অবৈধ মাটি কাটা বন্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ এবং কঠোর আইনগত ব্যবস্থা দাবি করেছেন সচেতন এলাকাবাসী।
এব্যাপারে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, দুষ্কৃতকারী ব্যক্তিবর্গ এ ধরনের কর্মকান্ড করেন। এবিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
© All rights reserved © 2025
Leave a Reply