
এমপি আসেন, এমপি যান; বদলায় না গাইবান্ধার ‘ফকিরহাট-বুড়িতলা’ রাস্তার ভাগ্য!
পলাশ বাড়ির রাস্তা নাকি ফসলি জমির কাদা? প্রথম দেখায় বোঝার কোনো উপায় নেই। চারদিকে শুধু থকথকে কাদা আর বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা, সাধারণ মানুষের চলাচল করাই অসম্ভব হয়ে পড়ে।
বলছি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭ নং পবনাপুর ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত ফকিরহাট থেকে বুড়িতলা যাওয়ার একমাত্র রাস্তাটির কথা। দীর্ঘদিন ধরে চরম অবহেলিত ও সংস্কারহীন অবস্থায় পড়ে আছে এই গুরুত্বপূর্ণ সড়কটি।
স্থানীয় ভুক্তভোগী জনগণের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এই নরকযাতনা সহ্য করছেন। নির্বাচন এলে জনপ্রতিনিধিরা বড় বড় প্রতিশ্রুতি দিলেও, ভোট শেষ হলে আর কেউ খোঁজ নেন না। এলাকায় অনেক সময় সংসদ সদস্য (এমপি) আসেন, রাজনৈতিক নেতারা যাতায়াত করেন, কিন্তু এই রাস্তার দিকে তাকানোর যেন কেউ নেই। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীবাহী যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, যা বর্তমান উন্নত বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোর চিত্রের সাথে একেবারেই বেমানান।
ইউনিয়নের শেষ সীমানার রাস্তা হওয়ায় এটি যেন এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে। অবহেলিত এই অঞ্চলের সাধারণ মানুষের একটাই দাবি— আর কোনো ফাঁকা আশ্বাস নয়, অবিলম্বে এই ‘ফকিরহাট-বুড়িতলা’ রাস্তাটি পাকাকরণ বা সংস্কার করে হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রশাসন ও সংশ্লিষ্ট এমপি মহোদয় যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
© All rights reserved © 2025
Leave a Reply